News

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

এমপি তাহসিনা রুশদীর লুনা ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান© ঢাকা ডায়েরি সম্পাদিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো হয়নি কেন, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সিলেট-২ আসনের বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ সময় তিনি এ ঘটনায় নিজের উদ্বেগের কথা জানান এবং সরকারের কাছে ব্যাখ্যা চান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
 
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ আলোচনা হয়। নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এ প্রশ্ন উত্থাপন করেন।
 
সংসদে লুনা বলেন, “অসংখ্য গুম-খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল আহসান কারাগারে আছেন এবং তার বিচার চলমান রয়েছে আইসিটি বিভাগে। গত বৃহস্পতিবার যখন তাকে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যায়, তার অঙ্গভঙ্গি, আচরণ এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ যারা ছিলেন, তাদের মনে হচ্ছিল, তারা তার প্রটোকল হিসেবে যাচ্ছেন।
 
একজন এরকম অপরাধীকে বিনা হাতকড়ায়, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে, সেই হাতকড়া তাকে না পরিয়ে, তাকে ডান্ডাবেড়ি না পরিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে—এতে আমরা মর্মাহত হই। আমার মতো বহু পরিবার এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, বা তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে? সে অমানবিকতা নিয়ে আমি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।”
 
এ সময় স্পিকার বলেন, “নিক্তির বিচারে এটি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবুও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আমি আইনমন্ত্রীকে বলব, তিনি যদি চান উত্তর দিতে পারেন কিংবা নোটিশ চাইতে পারেন।”
 
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “যে বিষয়টি উত্থাপিত হয়েছে বা উত্থাপন করেছেন, এটা আমারও দৃষ্টিতে এসেছে। যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয়, সেটা আইনমন্ত্রীর জুরিসডিকশনের মধ্যে পড়ে না। তারপরেও যখন আমাদের দৃষ্টিতে এটা এসেছে এবং এরপরে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেভাবে নিয়ে ফেরত পাঠানো হয়েছে। এবং এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, সেটা নিশ্চয়তা আমরা দিচ্ছি।
 
তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, ন্যায়বিচার নিয়ে যাতে কোনো কিছুতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটা যেমন একদিকে আমরা লক্ষ্য রাখছি। একই সঙ্গে আমরা কোনো ফরমায়েশি জাজমেন্ট যেমন চাই না। একই সঙ্গে এই মামলায়, এই আসামির ক্ষেত্রে সহ আইসিটি ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্যপ্রমাণ আছে, সমস্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করছি। যে সাক্ষ্যপ্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে এ ধরনের আসামির সাজা হবে, সেরকম একটি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং তারও সেরকম একটি সাজার প্রত্যাশা আমরা করছি। তীব্রভাবে সেটা নিশ্চিত করার জন্য আমরা আদালতের সামনে সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র উপস্থাপন করছি।
 
আইনমন্ত্রী বলেন, আমি সংসদ সদস্যের অনুভূতির সঙ্গে একমত হয়ে, আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে ঘটে যাওয়া বিগত ১৬ বছরে যত গুম-খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, বিগত জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, তার প্রত্যেকটি ঘটনার আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব। এই অঙ্গীকার আবার এই মহান সংসদে করছি।
 
তিনি আরও বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গত দিন ৩০০ বিধিতে দাঁড়িয়ে বলেছিলেন, বিগত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় যেসব জায়গায় মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম পরিচালিত হয়েছে, সেসব জেলাতেই আমাদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে টিম যাবেন তদন্ত করতে। 
 
১৬ বছরের গুম-খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন, পলিটিক্যাল পারসিকিউশনের এই সমস্ত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করার জন্য সেখানে যারা ৩০০ সদস্য আছেন, ৩৫০ জন সদস্য আছেন, তাদেরকে অনুরোধ করব, তদন্ত কর্মকর্তারা যখন জেলায় জেলায় যাবেন, তখন ওই অঙ্গনে, ওই জেলায় কোন পুলিশ কর্মকর্তা, কোন মিডিয়ার কর্মকর্তা, কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, কোন রাজনৈতিক কর্মীর ইন্ধনে, সহযোগিতায়, প্রশ্রয়ে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button