News
‘আদালতে আত্মসমর্পণ করতে’ নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আজ রবিবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘রয়টার্স’।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে সোমবার এই তথ্য জানা গেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এবারই প্রথম তার পক্ষ থেকে এমন যোগাযোগ করা হলো। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার যে পরিকল্পনা তিনি করেছিলেন, এই আবেদনটি তারই সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। যে দেশে তার দল এখন নিষিদ্ধ, সেখানে তার এই উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের কাছে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। অন্যদিকে, তার সহযোগীরা সোমবার বলেছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ফেরার তারিখ ঘোষণা করা হবে।
চব্বিশের গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি নির্বাসনে থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে শেখ হাসিনার আইনজীবীরা লিখেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল হওয়ার খবরের প্রেক্ষাপটে, তার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।”
ওই চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং “আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় সৃষ্ট দায়বদ্ধতার” ভিত্তিতে দ্রুততার সঙ্গে এসব আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে দিল্লিতে অবস্থানরত প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পতনের পর নিষিদ্ধ হওয়ার আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ছিল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তার দলের অনেক সহকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন অথবা ভারত ও অন্যান্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
কয়েক মেয়াদে প্রায় ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে দেশের একটি অংশের মানুষের কাছে এখনও তার সমর্থন রয়েছে। দুই বছরেরও বেশি সময়ের অস্থিরতা শেষে ঢাকার সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে চেষ্টা করছে, তখন তার ফিরে আসার উদ্যোগ রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর দিল্লির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে চরম অবনতি ঘটেছিল, তার এই পদক্ষেপ সেই টানাপোড়েন লাঘব করতে ভূমিকা রাখতে পারে।
source: The Dhaka Diary