News
সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার রদবদল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন পদে নিয়োগ ও সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
source: The Dhaka Diary