Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

প্রিজন ভ্যানে বসেই ডিম পেলেন পলক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে অংশ নিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

জুলাই আন্দোলনে ঢাকার মধ্য বাড্ডায় দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখাতে গত ২৪ ডিসেম্বর বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য ৭ জানুয়ারি দিন নির্ধারণ করেন। তবে সেদিন পলককে আদালতে হাজির করা হয়নি। পরে সোমবার নতুন দিন ধার্য করা হয়।

সোমবার শুনানিকালে পলককে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর সাবেক প্রতিমন্ত্রীকে আদালতের হাজতখানায় রাখা হয়। এদিকে এদিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার শুনানির দিন ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। আদালত আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক করেন। এ সময় শহিদ হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। পরে তারা জানতে পারেন, পলককে আদালতে হাজির করা হয়েছে। দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে পৌঁছালে প্রিজনভ্যানটিতে ডিম নিক্ষেপ করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এরপর প্রিজনভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়।

দুর্জয় হত্যাচেষ্টা মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপের নিচে দুর্জয় আহম্মেদের ওপর গুলি করা হয়। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথার পেছনে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। পরে তিনি কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন দুর্জয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button