বিধি লঙ্ঘন করে ব্যালটে সীলের ছবি তুলে ফেসবুকে দিলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও গত ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ব্যালটে সীল দেওয়ার ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যা বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে সবাই মোবাইল নিতে পারলেও ব্যালট পেপার ও গোপন কক্ষের ছবি নিতে পারবেন না।
এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ছাত্রদলের এ নেতা তার ভ্যারিফায়েড ফেসবুকে গোপন কক্ষে তোলা ধানের শীষে ও গণভোটে সীল দেওয়ার ছবি পোস্ট করেন।
ছবির ক্যাপশনে হামিম লেখেন, আমার ভোটের ছবি আমি দিতাম না। গণভোটে নাকি আমরা “না” দিচ্ছি, এ কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়াচ্ছে জামায়াত-শিবির-এনসিপি। ওদের মুখে পড়ুক ছাঁই…..। “ধানের শীষ” আর গণভোটে “হ্যাঁ” দুটোই আমার চাই …..।
একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, প্রথমে ভোট ‘হ্যাঁ’ তে দিয়ে একই সীল ধানের শীষে মেরেছি। তাই ধানের শীষে অপেক্ষাকৃত হালকা দেখাচ্ছে সীল। এরপরো, যারা বলে আমরা ‘না’ এর প্রচার করি। ওরা কতো বড় মিথ্যাবাদী..।
এদিকে, গত ৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী এবং এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে ভোট দেওয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না।
সেদিন ইসি সচিব বলেছিলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।’
এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

