জামায়াত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৮টি ভোটকেন্দ্রের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১০০ ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২ হাজার ৭৯৮ ভোট পেয়ে তৃতীয় এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৬৩ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট।
এদিকে ৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫ হাজার ৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮ হাজার ৩১৫।
তবে এ ফলাফল বেসরকারি। আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

