Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘হুমকি-ধমকি দিয়েন না। এগুলো কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয় আমরা জানি। রাজপথে আন্দোলন করে জনগণের রায়ের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।’

আজ শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভবনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় যাওয়ার পর পাঁচ মিনিট টিকে নাই। তাদের পালিয়ে যেতে বাধ্য করেছি। আর বিএনপি হচ্ছে সেই দল, যারা শত অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে রাজপথে থেকে অধিকার আদায় করেছে। আমরা সবাই তারেক রহমানের কর্মী। কেউ নেতা নই। সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’

‘বিএনপির কেউ ডামি নির্বাচন করে ক্ষমতায় আসে নাই’ মন্তব্য করে তিনি বলেন, ‘১৭ বছর রাজপথে ছিলাম সরব উপস্থিতিতে, লুকিয়ে না। রাজপথে থেকে এই দেশে হামলা-মামলা কারা নির্যাতন বরণ করেই আমার জনগণের প্রত্যক্ষ ভোটে আজকে এমপি নির্বাচিত হয়েছি। জনগণ রায় দিয়েছে। পাঁচ বছর পরে জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সফল নাকি ব্যর্থ। টেনেহিঁচড়ে নামাই ফেলবেন? সময় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই দায়িত্বশীল পদে আছি, এর বেশি বলতে পারব না।’

জাতীয়তাবাদী কর্মচারী দলের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের সংসদ সদস্য আবু সুফিয়ান, এনামুল হক এনাম এমপি, জসিম উদ্দিন আহমেদ এমপি, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে ৬ এমপির মতবিনিময়
চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন ছয় সংসদ সদস্য। শনিবার বিকেলে উন্নয়নবিষয়ক মতবিনিময়ে বক্তব্য দেন কোতোয়ালি (চট্টগ্রাম-৯) আসনের এমপি আবু সুফিয়ান, চান্দগাঁও আসনের এমপি এরশাদ উল্লাহ, ডবলমুরিং আসনের এমপি সাঈদ আল নোমান, পটিয়ার এমপি এনামুল হক এনাম, ফটিকছড়ির এমপি সরওয়ার আলমগীর ও বাঁশখালীর এমপি জহিরুল ইসলাম।

সভায় আবু সুফিয়ান বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শহরে যানজট বাড়ছে। রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এরশাদ উল্লাহ বলেন, চান্দগাঁও এলাকায় সিডিএ তাদের সড়ক মেরামত করে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অক্সিজেন কুয়াইশ সড়কের অবস্থা বেহাল, তা জরুরি ভিত্তিতে মেরামত করতে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button