আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলি নাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই।
শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করেছি। গণভোটের একটা অংশ নিয়ে আমাদের সাথে কোন আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। এবং সে সময় আমি বক্তব্য দিয়েছিলাম যে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের কনসেন্ট ছাড়াই জুলাই সনদে সে কথাগুলো নিয়ে এসেছেন।
তিনি বলেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই। আমরা দেশে সংস্কার এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের বিষয়টি দেশে বিএনপি নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে পার্লামেন্টে সারারাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজকে যখন সংস্কারের কথাগুলো বলা হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি তখন আমরা চেষ্টা করেছি সকল শিক্ষিত, বুদ্ধিজীবীদের এক কাতারে আনার জন্য। যেন তারা কথা বলেন। আল্লাহর কাছে অশেষ রহমত আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।
আমাদের প্রধানমন্ত্রী মানুষের কাছে ছুটে গিয়ে মানুষের কাছাকাছি অবস্থান করে তার পিতার মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। ফলে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের জন্যই নয়। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন জুলাইয়ে রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
source: The Dhaka Diary

