ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নবায়নযোগ্য জ্বালানি ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রহ্লাদ যোশীকে এই নতুন দায়িত্ব প্রদান অনুমোদন করেছেন।
রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশী তাঁর বর্তমান দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সামলাবেন। কর্ণাটকের ধরওয়াদ আসন থেকে নির্বাচিত এই বর্ষীয়ান লোকসভা সংসদ সদস্যের ওপর নতুন দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে সরকার এ সংক্রান্ত সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করল।
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে বিস্তৃত রূপ নেয়।দীর্ঘ সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থানের পর আন্দোলনকারীরা পার্লামেন্টমুখী পদযাত্রা শুরু করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে, যা পরবর্তীতে আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়।
source: Azadir Dak

