বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

দুদকের চাওয়া নির্ধারিত সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিল দুদক। নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদক এবং তখন থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন। ওই বছরের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতের নিকট অভিযোগপত্র জমা দেন এবং ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও সার্বিক শুনানি শেষে আদালত এ রায়ের দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। পরবর্তীতে বহুল আলোচিত পি কে হালদারের কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি ও ঋণ জালিয়াতিতে তাঁর সম্পৃক্ততা এবং বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় ২০২২ সাল থেকে দুদকের অনুসন্ধানের মুখোমুখি হন তিনি।
source: Azadir Dak