News

প্রথমবারের মতো মহাসড়কে উঠানামা করলো ফরাসি রাফাল যুদ্ধবিমান

ইতিহাসে প্রথমবারের মতো ফিনল্যান্ডের একটি মহাসড়কে অবতরণ ও উড্ডয়নের অনুশীলন করেছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে।

এই মহড়ায় ফ্রান্সের রাফাল ছাড়াও নেদারল্যান্ডসের এফ-৩৫, সুইডেনের গ্রিপেন এবং ফিনল্যান্ডের এফ/এ-১৮ যুদ্ধবিমান অংশ নেয়। সব মিলিয়ে এই সামরিক মহড়ায় ৪০টির বেশি যুদ্ধবিমান এবং ৪ হাজার ১০০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের হামলায় নিয়মিত বিমানঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও যেন যুদ্ধবিমানগুলো নির্বিঘ্নে অভিযান চালিয়ে যেতে পারে। জরুরি মুহূর্তে সাধারণ মহাসড়ককেই বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করে অবতরণ ও উড্ডয়নের সক্ষমতা যাচাই করা হয়েছে এই মহড়ায়।

উল্লেখ্য, ভৌগোলিক ও কৌশলগত কারণে ফিনল্যান্ড কয়েক দশক ধরে এ ধরনের মহাসড়কভিত্তিক সামরিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দিয়ে আসছে। ন্যাটো জোটের সদস্য হওয়ার পর এবার দেশটি তাদের দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ও কৌশল জোটের মিত্রদের সঙ্গে ভাগ করে নিচ্ছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button