সর্বশেষ

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে বলপূর্বক গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আল জাজিরার এই সাংবাদিক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের এক জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। উক্ত জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও খুনের পেছনে বিমান বাহিনীর এই কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টি উন্মোচিত হয়।

অভিযোগ অনুসারে, ইলিয়াস আলী গুম হওয়ার সময় তৎকালীন স্কোয়াড্রন লিডার মো. সাইফুর রহমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে প্রেষণে কর্মরত ছিলেন। উল্লেখ্য, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা। বিমান বাহিনী সূত্রের বরাতে জানানো হয়েছে, সাইফুর রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানী ঢাকার বনানী ২ নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাঁদের হত্যা করা হয় বলে সাম্প্রতিক বিভিন্ন তদন্ত ও সাক্ষ্যে উঠে আসছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button