সর্বশেষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনটির আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতির মাধ্যমে ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়।

হবিগঞ্জে আলিফের চোখ উপড়ে ফেলা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলা এবং কুড়িগ্রাম ও নেত্রকোনায় ওলামা অ্যালায়েন্সের নেতাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু বাদ আসর কর্মসূচি শুরু হলে ইমনের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও মশাল নিয়ে সেখানে উপস্থিত হয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়।

ঘটনার ভিডিও ফুটেজে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হাদিস হাওলাদার ও মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইসলামকেও হামলার নেতৃত্বে দেখা গেছে বলে জানা গেছে। অভিযুক্ত ইমন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামে একটি সংগঠনেরও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে প্রেস রিলিজ কেড়ে নেওয়া হয়েছে। ভুয়া বা ভুঁইফোড় সংগঠন তৈরি করে জুলাই যোদ্ধার পরিচয় ব্যবহার করার এই প্রক্রিয়াকে অতীত সরকারের কৌশলের সাথে তুলনা করে এর পরিণতি সম্পর্কে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

একই সাথে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি মাহমুদ হাসান জানান, হামলা চালিয়ে আলেম-ওলামাদের কর্মকাণ্ড ও মতপ্রকাশের অধিকার দমন করা যাবে না। ভবিষ্যতে যেন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা যায়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button