News

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতের আগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বহরে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থাকলেও বর্তমানে সক্রিয় যুদ্ধবিমানের সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে।যুক্তরাজ্যের বিমান চলাচলবিষয়ক সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ ডিরেক্টরির সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ সাময়িকীর এই পরিসংখ্যান ওই সংঘাতে ভারতের বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইসলামাবাদের দাবিকে নতুন করে আলোচনায় এনেছে এবং সেই দাবিকেই জোরালো করেছে।২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত চার দিনের ওই সামরিক উত্তেজনা ও আকাশযুদ্ধে চারটি রাফালসহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান।

ফ্লাইট ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩২টি সক্রিয় রাফাল যুদ্ধবিমান থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।সংঘাতের পর প্রকাশিত পূর্ববর্তী সংস্করণে ৩৫টি রাফাল সক্রিয় থাকার কথা বলা হলেও নতুন তালিকায় সংখ্যাটি ৩২-এ নেমে এসেছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এবং ফ্লাইটগ্লোবালের মাসিক প্রকাশনা ফ্লাইট ইন্টারন্যাশনাল বিশ্বের প্রাচীনতম ও নিয়মিত প্রকাশিত বিমান চলাচলবিষয়ক সংবাদ সাময়িকী।

প্রতিবেদনটিতে সক্রিয় যুদ্ধবিমানের সংখ্যা কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা না হলেও সামরিক বিশ্লেষকদের মতে, আকাশযুদ্ধে ক্ষয়ক্ষতির পাশাপাশি রক্ষণাবেক্ষণ, আপগ্রেড বা কারিগরি ত্রুটির কারণেও তালিকা থেকে সংখ্যা পরিবর্তিত হতে পারে। তবে পাকিস্তানের দাবির বিপরীতে ভারতের পক্ষ থেকে বিমান ভূপাতিত হওয়ার নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি এবং সামরিক মহলে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় ৮৮০ কোটি মার্কিন ডলারে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ২৮টি এক আসনের এবং ৮টি দুই আসনের মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছিল ভারত।বহর আরও শক্তিশালী ও আধুনিকায়ন করতে সাম্প্রতিক সময়ে দেশটি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ক্রয়াদেশ ও প্রক্রিয়া এগিয়ে নিয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button