News

হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম

হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

এ ঘটনায় পর মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২২ জুলাই এমপি গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণীর মামা ওবায়দুর রহমান।

মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের ‘রোজ গার্ডেন টাওয়ার’ বাসায় থাকতেন। তিনি এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন। আর আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন।

একপর্যায়ে তার সঙ্গে ওবায়দুর রহমানের ভাগনির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর রহমান তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে এমপি নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র এমপি নজরুল ইসলাম ও তার ভাগনির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে নজরুল ইসলামকে ব্ল্যাকমেইল করতে থাকেন। এতে নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুর রহমানই গোপন ভিডিও ধারণ করে গণমাধ্যম ও ওই চক্রের হাতে সেগুলো তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই এমপি গাজী নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালান।

এজাহারে ওবায়দুর রহমান আরও অভিযোগ করেন, ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন, সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।

ওই সময় ওবায়দুর রহমানের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীসময় ওবায়দুর রহমান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হলে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এরপর জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতের পক্ষ থেকে গত ২২ জুলাই বিকেলে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button