News

যে কারণে সফর স্থগিত করে দেশে ফিরছেন জামায়াতে আমির

চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফর স্থগিত করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম।’ একই পোস্টে তিনি একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফর স্থগিত করার কথাও জানান।

এদিকে জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করার কারণ জানান দলটির মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, আমিরে জামায়াতের মূল সফর ছিল অস্ট্রেলিয়া। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, ফেরার পথে এক দিনের জন্য মালয়েশিয়া একটা কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল। পরে অস্ট্রেলিয়া সফর শেষ হবার পর দেশে ফেরার প্রয়োজন অনুভব করেছেন তিনি। আগামীকাল দেশে পৌঁছবেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে জামায়াত আমির জরুরিভাবে দেশে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রধানমন্ত্রী বা বিএনপির পক্ষ থেকে অফিশিয়ালি আমাদেরকে কিছু জানানো হয় নাই। আনঅফিশিয়ালি হয়তো কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারে। ফলে সংলাপের জন্য কোনও তারিখ নির্ধারিত হয়নি। আমিরে জামাতের আরও অনেক দায়িত্ব আছে। উনার নিজের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে দেশে ফিরছেন।

এর আগে, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button