News

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিডিউল না পাওয়ায় ‘প্রবাসী কার্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়েছে। ফলে এ মাসের শেষ সপ্তাহের পরিবর্তে আগামী ১৫ সেপ্টেম্বর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে তারিখ নির্ধারণ করা হলেও স্থান এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে উদ্বোধনের তারিখ পরিবর্তন হলেও কার্ডের টেস্টিং কার্যক্রম শেষ করে বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কার্ডের টেস্ট প্রিন্টিং প্রক্রিয়া ও ইউজার এক্সেপটেন্স টেস্ট (ইউএটি) ট্রায়ালও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি কার্ডের জন্য আবেদন প্রক্রিয়ারও ট্রায়াল চলছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর শিডিউল না পাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর ‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দাপ্তরিক কার্যক্রমের শিডিউলে রাখা হয়েছে।

প্রবাসী কার্ড টেকনিক্যাল কমিটির সদস্য ও ফোকাল পারসন মো. মাহবুবুল ইসলাম আমার দেশকে বলেন, ‘প্রবাসী কার্ডের ইউএটি চলমান রয়েছে। আমরা চাচ্ছি, তাড়াহুড়ো না করে আরো কিছু সেবা যুক্ত করে বেশি সংখ্যক প্রবাসীর হাতে কার্ড পৌঁছে দিতে। এ কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া উদ্বোধনের তারিখ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। আশা করছি, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রবাসীদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘কার্ড উদ্বোধনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সব ধরনের ট্রায়াল প্রক্রিয়াও শেষ হয়েছে। আশা করা যায়, বিশেষ “প্রবাসী কার্ড” প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এর আগে, বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের কল্যাণে ১১টি সুবিধা যুক্ত করে বিশেষ ‘প্রবাসী কার্ড’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে বিদেশগামীদের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এটি উদ্বোধনের কথা ছিল।

প্রাথমিকভাবে আগামী বছরের জুনের মধ্যে তিন ধাপে মোট দুই লাখ প্রবাসীকে কার্ড দেওয়া হবে। পরে ধাপে ধাপে সব প্রবাসীকে এই কার্ডের সুবিধার আওতায় নিয়ে আসা হবে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button