পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রবিবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এই মহড়ার উদ্বোধন করা হয়।
ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ তৃষিতা মওলা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’-এর মূল লক্ষ্য বিষয়ভিত্তিক মতামত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বৃদ্ধি করা। এই মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে দুই দেশের সদস্যরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
এবারের যৌথ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন।
source: Daily Amar Desh