গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি।
আজ বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, দেশে যে দুর্ভোগ চলছে—গ্যাস, বিদ্যুৎ, তেল, সার…. সরকারের যে ব্যর্থতা, সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে পার্লামেন্টে চলছে, জুলাই সনদ, গণরায় বাস্তবায়ন না করায়…. আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না, তাদের পরিবারের যেসকল সদস্য গুম হয়েছে, তারা এখন কোথায়।
তিনি আরও বলেন, বিগত সময়ে বিচারবির্হিভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছে। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এগুলোকে সামনে রেখে আগামী ৩০ তারিখে (রোববার) বিকেল তিনটায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।
source: The Daily Campus