News

ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রজেক্টে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃততরা হলো- ১। মো. মোজাম্মেল হক (২৯) ও ২। মো. আল আমিন সরদার (২৫)।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিয়মিত সাইবার মনিটরিং চলাকালে দেখা যায়, কতিপয় সাইবার অপরাধী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ রিয়েল জব’ নামক পেজ থেকে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। অনলাইনে আবেদনকারীদের কাছ থেকে ফরম বিক্রির কথা বলে প্রথমে ৫৮০ টাকা এবং পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভনে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২৫৮০ টাকা হাতিয়ে নিত। টাকা পাওয়ার পরপরই তারা মোবাইল নম্বর বন্ধ করে দিত। এই তথ্যের ভিত্তিতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ রমনা থানায় একটি মামলা দায়ের করে। 

পরে প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ভোর আনুমানিক ৫টায় মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে মূলহোতা আল আমিন সরদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ ও মোবাইল সিম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় গত ২-৩ বছর ধরে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে তারা হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button