News

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের সফরের বিষয়েও আলোচনা করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বাড়তে থাকা আগ্রহের কথা উল্লেখ করে তিনি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button