News

সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: ডা. শফিকুর রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া তরুণ সিফাত আব্দুল্লাহকে দ্রুত মুক্তির জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে একজন তরুণের করা মন্তব্যে বাংলাদেশকে ওলটপালট করে দেওয়ার মতো পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার ও থানায় নাজেহাল করা হয়েছে; তাঁকে অতিদ্রুত ও সম্মানের সাথে মুক্তি না দিলে এক নূর হোসেন, ইয়াসমিন বা ডক্টর মিলনের মতো ঘটনাই সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, সিফাতের মুখের ভাষা না হলেও, তিনি যে বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন—সেই বিদ্যুৎ বিল ও জীবনযাত্রার সংকটে অতিষ্ঠ হয়ে প্রয়োজনে দেশের ১৮ কোটি মানুষ একযোগে গর্জন করে উঠবে। এ সময় তিনি গ্যাসের সংকট, পানি ও বিদ্যুতের ভূতুড়ে বিল এবং জনদুর্ভোগের প্রসঙ্গ টেনে বলেন, জনগণকে অধিকার বঞ্চিত করে ও চাঁদাবাজ-দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে দেশ পরিচালনা করলে পরিণতি শুভ হবে না।

জামায়াত আমির তাঁর সরকারের প্রতি উপস্থাপিত ছয় দফা দাবির সাথে সপ্তম দফা যুক্ত করে ঘোষণা দেন, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজকে বাংলাদেশে বরদাস্ত করা হবে না। লংমার্চের কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের রাজপথ এবং জাতীয় সংসদে সমান্তরাল এই আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত প্রতিটি মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button