News
এসপির পর এবার গোপালগঞ্জের ডিসিকেও বদলি, নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এর আগে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। ফলে জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদেই পরিবর্তন আনা হলো।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও মহড়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় কারও কারও মাথায় হেলমেটও ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।
এর আগে, গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমন পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
গোপালগঞ্জ, ডিসি বদলি, এসপি বদলি, জি এম সরফরাজ, জাকির হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়
source: The Dhaka Diary