News
বিদ্যুৎ-গ্যাসের সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষের কষ্টের জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া নানা সমস্যার মধ্যে জ্বালানি সংকট অন্যতম। তবে এসবকে অজুহাত না করে সংকট মোকাবিলায় কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ ও জ্বালানির সংকটে কষ্ট পাচ্ছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত আলোচনা সভায় দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার সঙ্গে সঙ্গে আমরা শুধু ভঙ্গুর অর্থনীতি নয়, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থাসহ বহুবিধ সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে জ্বালানি সংকট অন্যতম। দেশের মানুষ বিদ্যুৎ ও জ্বালানির সংকটে কষ্ট পাচ্ছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সেজন্য আমরা একটি কর্মপরিকল্পনা নিয়েছি। কর্মপরিকল্পনার যেমন সময়ের প্রয়োজন, তেমনি তা বাস্তবায়ন করতেও কিছু সময় প্রয়োজন। ভবিষ্যতে বিশ্বে আবারও বিভিন্ন ধরনের সংকট তৈরি হলেও যেন দেশের মানুষ জ্বালানি সংকটে না পড়েন, সেভাবেই কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা বহু মানুষ, শিল্প-কলকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।
তারেক রহমান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া যেসব সমস্যার কারণে আজ দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে, সেগুলোকে শুধু অজুহাত হিসেবে তুলে ধরতে চায় না সরকার। বরং অজুহাত না দিয়ে মানুষের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চায়। একই সঙ্গে এমন পদক্ষেপ নিতে চায় সরকার, যাতে ভবিষ্যতে মানুষকে আর এ ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়।
source: The Dhaka Diary