News

রাজধানীতে সরকারি বাসা বরাদ্দ দেবে সরকার, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত 

সরকারি আবাসন পরিদপ্তর© সংগৃহীত ও সম্পাদিত
রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এ জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর গত ১৯ নভেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন শ্রেণির বাসার জন্য কর্মকর্তা-কর্মচারীদের যোগ্যতা ও প্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ‘এফ’ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এসব কর্মকর্তার মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা হতে হবে। এ শ্রেণির বাসা রয়েছে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে।
 
ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য রয়েছে ‘ই’ শ্রেণির বাসা। এ ক্ষেত্রে মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা হতে হবে। এসব বাসা রয়েছে শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায়। তবে দশম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারাও ‘ই’ শ্রেণির বাসার ন্যূনতম প্রাপ্যতার ভিত্তিতে ভাড়া কর্তনের শর্তে আবেদন করতে পারবেন।
 
অন্যদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘ডি-১’ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা হতে হবে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।
 
এ ছাড়া অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউস (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলের বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।
 
ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউস রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এ ছাড়া নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউস, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউস ও বেইলি স্কয়ার এলাকায় অস্থায়ী শ্রেণির বাসা দেওয়া হবে। ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধাও রাখা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে পরিত্যক্ত শ্রেণির কিছু বাসা বরাদ্দের কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে এফ, ডি ও বি শ্রেণির বাসা এবং মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকার একটি বি-শ্রেণির ফ্ল্যাট। পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করতে পারবেন।
 
আবেদনের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা যথাযথ প্রমাণ ছাড়া দাখিল করা আবেদন বিবেচনা করা হবে না।
 
একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তির বিপরীতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দ পাওয়ার পর ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল নিতে হবে। তা না হলে বরাদ্দ বাতিল করা হতে পারে।
 
এ ছাড়া বাসা বরাদ্দের কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগ পর্যন্ত অনলাইনে আবেদনকারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। বরাদ্দ পাওয়ার পর কেউ বাসার দখল না নিলে বা বাসা ছেড়ে দিলে অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী আবেদনকারীকে বরাদ্দ দেওয়া হবে।
 
আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যারা সরকারি বাসা পাননি, তারাও এবার অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
 
আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের ওয়েবসাইটে আবেদন করতে হবে। বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য ও আবেদনের বিষয়ে প্রয়োজনে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে ০১৩০৪২৪০৩২১ অথবা ০১৭১০০৬৮১৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button