News

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন ১০০ জন, ঘোষণা শিক্ষা উপদেষ্টার

দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হলেও এ বছর থেকে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

ড. মাহ্দী আমিন জানান, প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনা হবে। প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও এতে স্থান পাবেন। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরাও এ সম্মাননা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও শিক্ষক নির্বাচন করা হবে বলে জানান তিনি।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

তথ্যমতে, প্রাথমিকে ১০ জন (সাধারণ ৫ ও মাদ্রাসা ৫), মাধ্যমিকে ২০ জন (সাধারণ ১০, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫) এবং কলেজে ২৫ জন (সাধারণ ১৫, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫) শিক্ষককে এই সম্মাননা দেওয়া হবে। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন (সরকারি ১৫ ও বেসরকারি ৫), মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত বিশেষ ৫ জনসহ সর্বমোট ১০০ জন গুণী শিক্ষক এ সম্মাননা পাবেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Leave a Reply

Back to top button