News

‘গ্রেফতার হতেই এসেছি’—আটকের আগে পুলিশকে অভিজিৎ দীপকে

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে আসার সময় বিমানবন্দরেই আটকের মুখে পড়েছেন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) শীর্ষ নেতারা। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ দিল্লির বিমানবন্দরে অবতরণের পর, তা থেকে নামার আগেই উরোজাহাজের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ।

আটক হওয়া নেতারা হলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।জানা গেছে, দিল্লি পুলিশের একটি বিশেষ দল—যাদের মধ্যে নারী পুলিশ সদস্যের সংখ্যাই বেশি ছিল—হঠাৎ করেই প্লেনের ভেতরে প্রবেশ করে তাদের আটক করে। বাণিজ্যিক বিমানের ভেতরে এমন আকস্মিক অভিযানে হতবাক হয়ে যান অন্য সহযাত্রীরা। এ সময় পুলিশের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ দীপকে সাহসিকতার সঙ্গে বলেন, ‘আমি তো গ্রেপ্তার হতেই এসেছি’।

নেতাদের এমনভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিক্ষোভের নেতৃত্বকে নস্যাৎ করতে এবং জনগণের চলাচলের মৌলিক অধিকার লঙ্ঘন করতে আগে থেকেই এই পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে পুলিশ। অবিলম্বে আটক তিন নেতাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে দিল্লি পুলিশ আগেই এই কর্মসূচির অনুমতি দেয়নি।এর অংশ হিসেবে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button