News

৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

সংগৃহীত

পঞ্চগড় জেলা কারাগারে ৫৭টি ভুয়া বিল পাস করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এসব বিলের মাধ্যমে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ তছরূপ ও অনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

কারাগারের ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্থিক বিভাগীয় নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে আসে। পরে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামের তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করা হয়। এসব বিলের বিপরীতে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব অপরাধের দায়ে আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button