News

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসীর মরদেহ

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাংয়ের দেখে নেওয়ার হুমকির একদিন পর মাঠ থেকে মো. সজীব (২৪) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকার সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজীব আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। বিকেলে স্থানীয়রা মাঠে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, ঘটনার দুই দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এ হত্যাকাণ্ডের পেছনে ওই গ্যাংয়ের সদস্যদের হাত থাকতে পারে বলে তাঁদের ধারণা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button