সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়ে প্রয়াত এই নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং মরহুমের পরিবারের সদস্যরা অংশ নেন।
জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর বিএনপি এবং জাতীয় সংসদের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়।
সংসদ ভবনে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল হাইয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ জেলা মুন্সীগঞ্জে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা।
মুন্সীগঞ্জ-৪ আসন থেকে একাধিকবারসহ মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আব্দুল হাই দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, অষ্টম জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এআর
source: Barta Bazar