News

নরেন্দ্র মোদি স্বৈরাচারীতে পরিণত হয়েছেন, জরুরি অবস্থা জারির মতো সাহস নেই: দীপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি মোদি সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে বলেছেন, বিরোধী মত দমনে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অভিজিৎ দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।’

সাম্প্রতিক সময়ে সিজেপির কর্মী, বামপন্থি ছাত্র সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ এবং আটকের ঘটনা নিয়ে সমালোচনা চলছে। এসব ঘটনার প্রসঙ্গ টেনে দীপকে বলেন, ‘আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল আপনারা মানুষকে বোকা বানিয়ে রাখবেন?’

দুই দিন আগে জাতীয় পতাকা নিয়ে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের পাঁচদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।

এ ঘটনার সমালোচনা করে অভিজিৎ দীপকে প্রশ্ন তোলেন, ‘জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল?’ তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে এমন ঘটনা ঘটত, আর এখন মোদি ও অমিত শাহের পুলিশও একই ধরনের আচরণ করছে। তার অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি মিলছে না।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন?’

আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের সমালোচনা করে দীপকে আরও বলেন, তারা নিজেদের প্রদেশে জাতীয় পতাকা ওড়াননি-এমন যুক্তিতে পতাকা ওড়ানোর ঘটনায় আপত্তি তোলা হচ্ছে। তার ভাষায়, ‘এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবা সাহেবের সংবিধান অনুযায়ী চলবে।’

যন্তর মন্তরে প্রতিবাদের সুযোগ সীমিত করা এবং দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী শুক্রবার, ১৬ অক্টোবর, দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা।

এর আগে গত মাসের শেষ দিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি। এরপরই দলটির প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

সূত্র: বিবিসি বাংলা

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button