মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশ দেন।
সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজিপি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।
তিনি ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদ্ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। এ ছাড়া ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে। পাশাপাশি সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত আইজি বলেন, সমাজে ইতিবাচক ভাবমূর্তিধারী ব্যক্তিদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
সম্প্রতি সমাপ্ত দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষে ধন্যবাদ জানান।
সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
source: Daily Amar Desh