News
এক কেজি গরুর মাংস উৎপাদনে কত খরচ, জানাল মন্ত্রণালয়

এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বুধবার(২৮ অক্টোবর) সংসদ ভবনে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও বিভিন্ন ধরনের মাংসের উৎপাদন খরচের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে ১৬১ টাকা ৫৫ পয়সা। একটি ডিম উৎপাদনে খরচ হয় ১০ টাকা ৮১ পয়সা। প্রতি কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা। আর এক কেজি খাসির মাংস উৎপাদনে খরচ ৮৭৫ টাকা।
বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট এবং সরবরাহব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাইয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার তদারকি ও তদন্ত কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনের মুরগির বাচ্চা ও ডিমের বাজারমূল্য স্থিতিশীল রাখতে একটি কৌশলপত্র তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
বৈঠকে কয়েকজন সদস্য অভিযোগ করেন, কিছু পণ্যের বাজারমূল্য উৎপাদন খরচের তুলনায় বেশি। তবে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন কি না, সেটিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়। উৎপাদকেরা সরাসরি খুচরা বাজারে পণ্য বিক্রি করেন না; বিভিন্ন পর্যায়ে হাতবদলের পর তা ভোক্তার কাছে পৌঁছায়। এ কারণে উৎপাদন খরচের সঙ্গে বাজারমূল্যের ব্যবধান যাচাই করে দেখার সুপারিশ করে কমিটি।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলা এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, আহরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
source: The Dhaka Diary