News

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদল নেতার ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযোগের পর অভিযুক্ত ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারী (৪৫) হযরত আলী মণ্ডল (৩৮) নামের ওই নেতার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।

অভিযুক্ত হযরত আলী উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছিলেন।

মামলার বরাতে পুলিশ জানায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন হযরত আলী। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি ওই নারীর বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হযরত আলী।

ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার বাড়িতে আসেন। স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।

ওই নারী বলেন, নিজের নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে প্রমাণ থাকে, সে জন্যই ভিডিওটি করেছিলেন। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে ওই নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। একই সঙ্গে হযরত আলী তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। হযরত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন বলে জানিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শুক্রবার (৩০ অক্টোবর) তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button