News

মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকার ভেতর এক প্রসূতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ঘাট থেকে যাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি নদীর মাঝপথে পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এতে নৌকায় থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ ছিল না। শেষে নৌকার ভেতরেই তিনি যমজ সন্তানের জন্ম দেন—প্রথমে একটি ছেলে, পরে একটি মেয়ে।

প্রসূতির স্বামী মনোয়ার হোসেন জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সুস্থ সন্তানদের মুখ দেখতে পেরেছি।

নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বী বলেন, হঠাৎ ওই নারীর প্রসবব্যথা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

স্থানীয়রা জানান, চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রসূতিদের অনেক সময় নৌকা বা ভ্যানে করে হাসপাতালে যেতে হয়। এ সময় জরুরি প্রসূতিসেবার অভাবে অনেকে ঝুঁকির মুখে পড়েন। তবে এ ঘটনায় মা ও নবজাতক সুস্থ থাকায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button