News

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ© সংগৃহীত

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার বাইরে গিয়ে কোনো কোনো মহল কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কেউ যদি কোনো রকমের গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

এ সময় সাংবাদিকেরা অনেক পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়টি তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি এগুলো খুব শিগগির খোলার ব্যবস্থা করা হবে।’

এর আগে সোমবার (২ নভেম্বর) পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠকেও শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তখন দাবি করেন, আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যে উসকানি দেওয়া হচ্ছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button