News

আইন সংশোধন করল সরকার, দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’

গ্রাম পুলিশ© সংগৃহীত

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর প্রচলিত পদবিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এই বাহিনীর ‘দফাদার’ পদবিধারীরা ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে পরিচিত হবেন। একই সঙ্গে ‘মহল্লাদার’ পদবিটি পরিবর্তন করে করা হয়েছে ‘গ্রাম পুলিশ’। সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের চাওয়া পূরণ হলো।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করা হয় এবং আজ (৩ নভেম্বর) তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে ২০১৫ সালের গ্রাম পুলিশ বাহিনী সম্পর্কিত বিধিমালা সংশোধন করে এই নতুন পদবি নির্ধারণ করেছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনীর পদবিগুলোকে আরও যুগোপযোগী, আধুনিক ও মর্যাদাপূর্ণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে অনুযায়ী, সংশোধিত এই নতুন পদবি এবং বিধিমালা অবিলম্বে সারা দেশে কার্যকর হবে।

এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে গ্রাম পুলিশের কাজের তদারকি ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছে স্থানীয় সরকার বিভাগ। দীর্ঘদিন ধরে এই বাহিনীর সদস্যরা তাদের পদবি পরিবর্তন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, যা এই প্রজ্ঞাপনের মাধ্যমে অবশেষে বাস্তবায়িত হলো।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button