News
রুমিন ফারহানার সঙ্গে বাকবিতণ্ডা, সরাইল থানার সেই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় ওসি হিসেবে যোগ দেন মনজুর কাদের ভূঁইয়া। দায়িত্ব পালনকালে একাধিক ঘটনায় তাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে গত ২২ অক্টোবর রাতে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে থানার ভেতরে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন
ওই রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সমর্থকদের নিয়ে সরাইল থানায় যান রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেন মনজুর কাদের ভূঁইয়া।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওসির দাবি, দুর্গাপূজার সময় পুলিশের ব্যস্ততার কারণে আলাদা নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি পূর্বঘোষণা ছাড়াই লোকজন নিয়ে থানায় এসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগও তোলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর বাইরে পুলিশের চাকরিতে যোগদানের পরও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটে। রুমিন ফারহানার সঙ্গে থানায় যাওয়া এক ব্যক্তি অভিযোগ করেন যে ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। ওসি মনজুর কাদের ভূঁইয়া এই ঘুষ নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেন। ওসি পাল্টা দাবি করেন যে, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা নিজে শিখিয়ে-পড়িয়ে থানায় নিয়ে এসেছেন। বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই”। রুমিন ফারহানা অভিযোগ করেন যে, সরাইল থানার ওসি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন না এবং দুর্নীতি ও ঘুষের সঙ্গে জড়িত।
source: The Dhaka Diary