News

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের প্রভাবসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করতে সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এনসিপির আহ্বায়ক হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরে তাঁর সঙ্গে থাকবেন দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর টেকসই সংস্কারের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সূচিত নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এহতেশাম হক আরও জানান, সফরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নির্বিচার দলীয়করণের নেতিবাচক প্রভাব বিশেষ গুরুত্ব পাবে।

পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টিও নাহিদ ইসলামের সফরের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button