News

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অন্য নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button