News

পটুয়াখালীতে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার 

​পটুয়াখালীর বাউফলে সড়কের পাশের ফসলী জমির কয়েকটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধারে পুলিশের অভিযান চলমান আছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশের ফসলী জমি থেকে হাত-পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে মানবদেহের কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশকে খবর দেওয়ায় হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বাম হাতের খণ্ডিত অংশ উদ্ধার করে। ওই ফসলী জমির আরেকটি স্থান থেকে বস্তা  বন্দী দুটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে।

এ বিষয়ে পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে এমন দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এ ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি হাত ও দুই পা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মানব অঙ্গে ইতোমধ্যে পচন ধরেছে। তবে কোন ব্যক্তির মরদেহেত হাত-পা কিংবা কীভাবে এখানে এসেছে—এসব বিষয় নিশ্চিত হতে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। মরদেহের বাকি অংশ খুঁজতে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button