News

‘এই আধা ঘণ্টায় কি কিয়ামত হয়ে যাবে?’ অপেক্ষা করতে না চাওয়ায় নাহিদকে স্পিকারের প্রশ্ন

স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও নাহিদ ইসলাম© সংগৃহীত ও সম্পাদিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সংসদে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বাধার মুখে পড়েন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বক্তব্য দিতে বললে অপেক্ষা করতে রাজি হননি তিনি। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কিয়ামত হয়ে যাবে? এই আধা ঘণ্টায় অপেক্ষা করার অসুবিধা কী?’
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
 
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিষয়ে কথা বলতে দাঁড়ালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাকে থামিয়ে দেন। স্পিকার বলেন, ‘চিফ হুইপ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’
 
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘না, মাননীয় স্পিকার, প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
 
তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কিয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টায় অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নেই, যিনি জবাব দেবেন বা কিছু করবেন।’
 
এর জবাবে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি, মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’
 
পরে স্পিকার তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দিলে নাহিদ বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।’ একপর্যায়ে তিনি বলেন, ‘অ্যাটলিস্ট আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি, না হলে থাকব না।’
 
জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’
 
পরে মূল বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১২টার দিকে চারটি পেট্রোল বোমা মেরে বাড়িতে আগুন দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশুও মারা গেছে বলে জানান নাহিদ।
 
তিনি বলেন, ঘটনার পর তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন। অথচ তার দাবি, ঘটনার পর দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কীভাবে এ ধরনের মন্তব্য করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
 
দেশের বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট।’
 
তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button