সিলিকন ভ্যালিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় চীনা গুপ্তচররা

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর প্রেমের সম্পর্কের অভিযোগ প্রযুক্তি বিশ্ব ও ওয়াশিংটনে আলোড়ন সৃষ্টি করেছে। তবে সিলিকন ভ্যালি যে চীনসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা গোয়েন্দা কার্যক্রমের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন।
সিলিকন ভ্যালিতে চীন ও রাশিয়ার গুপ্তচরবৃত্তির পাশাপাশি ফ্রান্স ও ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর একই ধরনের তৎপরতাও দীর্ঘদিন ধরেই অনেকটা প্রকাশ্য গোপন বিষয় হিসেবে পরিচিত। তবে সাবেক এফবিআই কর্মকর্তাদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা কখনো কখনো গুপ্তচরবৃত্তির সন্দেহে পরিচালিত তদন্তের বিষয়টি খাটো করে দেখানোর বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের আশঙ্কা ছিল, এসব তথ্য প্রকাশ্যে এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়াকে তার শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়া থেকে রক্ষা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য এক বছর ধরে গোপন রেখেছিলেন। এনভিডিয়া এআই সুপারকম্পিউটারের চিপ তৈরিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি।
১৯৮০-এর দশকের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় এক চীনা গুপ্তচরকে ঘিরে ঘটে যাওয়া, আগে কখনো প্রকাশিত না হওয়া একটি ঘটনা সিলিকন ভ্যালিসংশ্লিষ্ট গুপ্তচরবৃত্তির মামলাগুলোতে প্রায়ই যে স্বার্থের সংঘাত দেখা দেয়, তার একটি উদাহরণ।
শীতল যুদ্ধের সময়কার ওই ঘটনায় সান ফ্রান্সিসকোভিত্তিক এফবিআইয়ের কর্মকর্তারা সিলিকন ভ্যালির একটি প্রতিষ্ঠানে কর্মরত এক সন্দেহভাজন চীনা গোয়েন্দা কর্মকর্তাকে শনাক্ত করেন। প্রতিষ্ঠানটি সামরিক কাজে ব্যবহারযোগ্য উচ্চপ্রযুক্তির গোপন গবেষণায় যুক্ত ছিল।
সন্দেহভাজন ওই ব্যক্তির ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি তদন্তে সহযোগিতা চেয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেন এফবিআই কর্মকর্তারা। ব্যুরোর কর্মকর্তারা গোপনে ওই ব্যক্তিকে অনুসরণ করেন এবং তাঁর ফোনে আড়ি পাতেন।
মামলাটির তদন্তে কাজ করা সান ফ্রান্সিসকোভিত্তিক এফবিআইয়ের সাবেক পাল্টা গোয়েন্দা কর্মকর্তা লারে কুই বলেন, ‘আমরা তাঁর চারপাশের ফাঁস আরও শক্ত করে এনেছিলাম।’
একপর্যায়ে সান ফ্রান্সিসকো থেকে বেইজিং যাওয়ার বিমানে চড়ে দেশ ছাড়ার সময় ওই নির্বাহীকে আটক করে এফবিআই। তাঁর কাছে পাচার করা একটি কম্পিউটার ডিস্ক ছিল।
কিন্তু এরপরই তদন্ত ভেস্তে যায়। কুই বলেন, প্রতিষ্ঠানটি ‘খারাপ প্রচারণার মুখে পড়তে চায়নি’ এবং মামলা পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়।
কুই বলেন, সে সময় ‘যুক্তরাষ্ট্র সরকারের চীনের কর্মকাণ্ডকে সরাসরি চুরি বলার মতো সাহস ছিল না। চীন আমাদের সর্বস্ব লুটে নিচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো নেতিবাচক প্রচারণার ঝুঁকি নেওয়া কিংবা শেয়ারের দামে প্রভাব পড়ার আশঙ্কার চেয়ে প্রযুক্তিটি হারিয়ে ফেলাকেই বেশি পছন্দ করত।’
ফেডারেল কর্মকর্তারাও বিষয়টি আর এগিয়ে না নেওয়ায় সন্তুষ্ট ছিলেন।
ফাউন্ডেশন ফর আমেরিকান ইনোভেশনের জ্যেষ্ঠ ফেলো রায়ান ফেদাসিউক বলেন, ‘আমেরিকার প্রযুক্তি খাত চীনা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য যে অত্যন্ত আকর্ষণীয় লক্ষ্য, তা কোনো গোপন বিষয় নয়। বিশেষ করে হার্ডওয়্যার খাত, যেখানে এনভিডিয়া শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।’
ফেদাসিউক বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্তই বিশ্বের সব ধরনের নিরাপত্তামূলক সতর্কতাকে ব্যর্থ করে দিতে পারে।’
এনভিডিয়ার হুয়াংকে ঘিরে অভিযোগগুলো অস্বাভাবিকভাবে আলোচিত হলেও যৌন সম্পর্কের মাধ্যমে গোয়েন্দা তথ্যের উৎস তৈরি করার কৌশল চীনা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বেশ প্রচলিত। গোয়েন্দা পরিভাষায় একে ‘হানি ট্র্যাপ’ বলা হয় বলে জানিয়েছেন সাবেক সিআইএ চীনবিষয়ক বিশ্লেষক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো ডেনিস ওয়াইল্ডার।
তিনি বলেন, ‘চীনে আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে নিয়মিত লোকজনকে সরিয়ে আনতে হয়, কারণ তাঁরা এসব হানি ট্র্যাপে জড়িয়ে পড়েন।’
গুপ্তচরবৃত্তির পেশায় যৌনতা দীর্ঘদিনের একটি প্রচলিত হাতিয়ার। সিলিকন ভ্যালিতে মেনলো পার্কের বিলাসবহুল রোজউড স্যান্ড হিল হোটেল এবং সান ফ্রান্সিসকোর ক্লিফট হোটেলের রেডউড রুমে কর্মরত যৌনকর্মীরা তাঁদের গ্রাহকদের সম্পর্কে স্থানীয় রুশ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য দিতেন বলে এফবিআইয়ের কর্মকর্তারা জানতেন।
চীনা গোয়েন্দা কর্মকর্তারাও একইভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও গোয়েন্দা কর্মকর্তাদের ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম হিসেবে যৌন সম্পর্ককে ব্যবহার করেছেন।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনা শিক্ষার্থী ক্রিস্টিন ফ্যাং সান ফ্রান্সিসকো বে এলাকার বিভিন্ন ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাঁদের মধ্যে সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলও ছিলেন। সোয়ালওয়েলের সঙ্গে ফ্যাংয়ের যৌন সম্পর্ক ছিল। তাঁর জন্য ফ্যাং নির্বাচনী অনুদান সংগ্রহে সহায়তা করেন এবং সোয়ালওয়েলের কার্যালয়ে একজন ইন্টার্ন নিয়োগের ব্যবস্থা করেন।
এফবিআই কর্মকর্তাদের ধারণা, ফ্যাং বেইজিংয়ের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) হয়ে কাজ করতেন। সাবেক কর্মকর্তাদের মতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাং দেশটির বেশ কয়েকজন মেয়রের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন।
চীনা গোয়েন্দা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কথিত দ্বৈত চর ক্যাটরিনা লেউংকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেন। রিপাবলিকান পার্টির পরিচিত তহবিল সংগ্রাহক এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক পরামর্শক লেউং তাঁর বিরুদ্ধে তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের দুই কর্মকর্তার সঙ্গে পৃথকভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। একই সময়ে তিনি চীনের কাছে গোপন তথ্য পাচার করছিলেন। লেউং এফবিআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার ভান করলেও শেষ পর্যন্ত বেইজিংয়ের হয়েই কাজ করছিলেন।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং নিজে প্রশিক্ষিত গোয়েন্দা কর্মকর্তা না হলেও তিনি অত্যন্ত মূল্যবান তথ্যের উৎস হতে পারেন। ওয়াইল্ডার বলেন, ‘তিনি নিজে খুব বেশি গুপ্তচরবৃত্তি না করলেও, যদি বলা যায়, তাতে তাঁর বিশেষ কিছু করার প্রয়োজন নেই; তবু তিনি অত্যন্ত মূল্যবান হতে পারেন।’
ওয়াইল্ডার আরও বলেন, ‘ধরা যাক, তিনি তাঁর ফোনে আড়ি পাতলেন, আর এরপর তিনি সেই ফোন নিয়ে ওভাল অফিসে প্রবেশ করলেন। তাহলে কী হবে, বুঝতেই পারছেন। আপনি সেখানকার সবকিছু শুনতে পারবেন। কোনো অভিযান সফল হলে তিনি আসলে শুধু আপনাকে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন।’
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় কথিতভাবে অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল। তিনি মেগাস্পিডের একজন জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ কেনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে উন্নত প্রযুক্তির এনভিডিয়া চিপ চীনে সরিয়ে নিতে প্রতিষ্ঠানটি সম্ভাব্যভাবে সহায়তা করেছে—এমন প্রতিবেদন প্রকাশের পর সিঙ্গাপুরের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে।
গত মাসে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অন্য দেশের রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে যাওয়া বা তা লঙ্ঘনের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান সিঙ্গাপুরের সঙ্গে তাদের সংশ্লিষ্টতাকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করুক, তা সিঙ্গাপুর সমর্থন করে না।’
এনভিডিয়ার প্রতিষ্ঠাতার সঙ্গে চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর প্রেমের সম্পর্কের অভিযোগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় বেইজিংয়ের গোয়েন্দা সংস্থাগুলো ক্রমেই প্রকাশ্যে আগ্রহ দেখাচ্ছে। চীন এআই প্রতিযোগিতাকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করে।
সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তাপ্রধান চেন ইশিন প্রযুক্তিটির কৌশলগত গুরুত্ব নিয়ে বিরল এক বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেন। তিনি এআইকে ‘বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রধান রণক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেন এবং উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের সমালোচনা করেন।
চীনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সংবেদনশীল এআই প্রযুক্তি এবং বাণিজ্যিক গোপন তথ্য সংগ্রহের জন্য ক্রমেই আরও বেপরোয়া তৎপরতা চালাচ্ছে। সেপ্টেম্বরে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ প্রকাশ্যে সতর্ক করে জানায়, এমএসএসের সঙ্গে সম্পর্ক থাকা বেইজিংভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান গোপনে এআই ও সাইবার নিরাপত্তা গবেষণায় অর্থায়ন করছে, যাতে চীনা গোয়েন্দা সংস্থার গুপ্তচরবৃত্তির সক্ষমতা বাড়ানো যায়।
জানুয়ারিতে গুগলের সাবেক প্রকৌশলী লিনওয়েই ডিং অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির সাতটি অভিযোগ এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। গুগলের এআই সুপারকম্পিউটারের কাঠামোসংক্রান্ত দুই হাজারের বেশি পৃষ্ঠার গোপন তথ্য চুরির দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
উন্নত এনভিডিয়া প্রযুক্তি চীনে পাচারের চেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আরও কয়েকটি বিস্তৃত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ কোটি ডলারের একটি কার্যক্রম, যেখানে রপ্তানি নিয়ন্ত্রণ এড়াতে জাল চালানপত্র ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া এআই সার্ভার কেনার ক্ষেত্রে ২৫০ কোটি ডলারের আরেকটি কথিত পরিকল্পনার অভিযোগ রয়েছে। কৌঁসুলিদের দাবি, ওই পরিকল্পনার মাধ্যমে বিধিনিষেধের আওতায় থাকা প্রযুক্তি চীনে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করতেন বলে যে মূল্যায়ন করেছিলেন, সেই নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে এখনো অনেক বিষয় অস্পষ্ট রয়ে গেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। হুয়াং তাঁকে জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট ওই ব্যক্তি যে একজন গুপ্তচর, সে বিষয়ে তাঁর একেবারেই কোনো ধারণা ছিল না।’
রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, তারা হুয়াংয়ের বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করছে।
অ্যালিস হুয়াংকে নিয়ে সরকারের সন্দেহের বিষয়ে এনভিডিয়ার সিইও জানতেন কি না এবং জানলে কখন জেনেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
সাবেক সিআইএ বিশ্লেষক ওয়াইল্ডার বলেন, ‘একটি বিষয় বলা যায়, তিনি তো কানসাসের টোপেকা থেকে আসেননি। তিনি চীনা সংস্কৃতির মধ্যে বসবাস করেছেন। তিনি এতটা সরল হতে পারেন না।’
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট
source: Barta Bazar