মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনটির উদ্বোধন করবেন বলে জানা গেছে। এতে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। বিশেষ করে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। কিন্তু উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলন সাধারণত অনুষ্ঠিত হয় না। ফলে সরকারের নীতি ও অগ্রাধিকার কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরো শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইতোমধ্যে দিনব্যাপী সম্মেলনের একটি খসড়া কর্মসূচি প্রস্তুত করা হয়েছে। খসড়ায় উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ স্থানীয় প্রশাসনের নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।
source: Daily Amar Desh