News

ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যুতে নিঃস্ব পরিবার

এক ভাইয়ের নিথর দেহ বাড়িতে। তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অন্যদিকে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বড় ভাই। কিন্তু ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বড় ভাইও। এক রাতের আগুনে একই পরিবারের দুই হাফেজ ভাইয়ের মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকায়। সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারায় দুই ভাই হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা ওই এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এ সময় আগুনে দগ্ধ হয় দুই ভাই। ঘটনাস্থলেই মারা যায় ছোট ভাই হাফেজ ওমর ফারুক।

অন্যদিকে গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই হাফেজ মো. আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যায় আবদুল্লাহও। ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই বড় ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছায় শোকাহত পরিবারের কাছে।

ছোট ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বড় ছেলেকে হারানোর খবর পরিবারটির জন্য যেন আরেকটি বজ্রপাত হয়ে আসে। যে দুই সন্তানকে ঘিরে বাবা-মায়ের ছিল অসংখ্য স্বপ্ন, তাদের দুজনকেই হারিয়ে এখন দিশেহারা তারা। একদিকে দুই সন্তান হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে পরিবারটি।

দুই ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকাবহ হয়ে উঠেছে পুরো বাড়ি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় পরিবারটিকে নগদ অর্থ, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী দিয়ে মানবিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button