News

থানায় ঢুকে পুলিশকে বেধড়ক পেটাল আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা, দিল আগুন

পুলিশকে মারধর ও আগুন© সংগৃহীত ও সম্পাদিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে এক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়েছেন। এ সময় ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও দেখা গেছে একটি ভিডিওতে। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যেতে দেখা যায় তাদের। এ সময় পুলিশ সদস্যকে বেধড়ক পেটানো হয়। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতেও দেখা যায় তাদের।
 
এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
 
বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের এসব ঘটনায় টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button