গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না।
আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা টুঙ্গিপাড়ায় থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে।
তিনি বলেন, ‘আজকে কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি ও অঙ্গসংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।
তিনি বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা একটা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’
টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে ২০০ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যদি হুকুম দিতাম, এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করতেন। আমরা সেটা চাইনি, চার-পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের যা কিছু বলার বলে বাড়িতে যান। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হব।’
থানায় হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে আহ্বান জানানোর অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হামলাকারীদের ভিডিও, অডিও ও ফুটেজ সরকারের কাছে রয়েছে। যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে, বিনা কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে কিংবা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশে ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তাদের সেই চরিত্র নেই, তারা সেই বৈধতা হারিয়েছে। তারা এই দেশে গণহত্যা চালিয়েছে। গত ১৫-১৬ বছর ধরে তারা অগণতান্ত্রিক শাসন চালিয়েছে। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কোনোদিন এই দেশে ফিরে আসতে পারবে না।’
আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁদের আইনানুগভাবে ফেরত চায়। আইসিটি আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলে তা আইন-আদালত দেখবে বলেও জানান তিনি। তবে তাঁর ভাষ্য, আপিলের সুযোগ নেই।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপের বিদেশ সফরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস ও কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর কথা বলেন তিনি।
সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছুদিন আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁর সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা অশোভন আচরণ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের জন্য বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে।
source: The Dhaka Diary