আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন নতুন জনগোষ্ঠী

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর অরণ্য থেকে দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বসবাস করা প্রায় ২০ জন আদিবাসী বেরিয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) তারা একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের এই আকস্মিক উপস্থিতি আমাজনের আদিবাসীদের আবাসস্থলে অবৈধ অনুপ্রবেশ ও বন উজাড়ের হুমকি নতুন করে সামনে এনেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্যমতে, স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া জনগোষ্ঠীর সদস্যরা ব্রাজিলের মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে উপস্থিত হন। সেখানে তাদের সঙ্গে সরকারি একটি দলের যোগাযোগ হয়। ঘটনাটিকে ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
আরারিবোইয়া অঞ্চলটি মূলত গুয়াজাজারা আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল। স্থানীয় নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রামবাসীরা আগত আদিবাসীদের খাবার দিতে চাইলে তারা কাসাভার পরিবর্তে ইয়াম বা মিষ্টি আলু খেতে চান। পরে খাবারগুলো নিজেদের আবাসস্থল বনে নিয়ে যান তারা।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার এবং বন থেকে খাদ্য সংগ্রহ করে জীবনধারণ করেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের বসবাসের এলাকায় অবৈধ গাছ কাটা, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ বেড়েছে। এতে তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
গুয়াজাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের শরীরের বেশির ভাগ অংশে পোশাক ছিল না এবং গলায় ছিল মালা। পুরুষদের হাতে দেখা যায় ধনুক ও লম্বা তির।
এদিকে, মারানহাও অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, দলটির কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও বয়স্কদের অনেককে অত্যন্ত শীর্ণকায় দেখাচ্ছিল।
সংগঠনটি সতর্ক করে বলেছে, দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করা জনগোষ্ঠীর সঙ্গে বাইরের মানুষের আকস্মিক যোগাযোগ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। কারণ বাইরের মানুষের সংস্পর্শে এসে এমন সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যেগুলোর বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তাদের কারিগরি দল পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ওই জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বসবাসের বনাঞ্চলে অব্যাহত অনুপ্রবেশের কারণে তারা নিজেদের আবাসস্থল ছেড়ে বাইরে আসতে বাধ্য হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমাজনের বন ধ্বংসের ফলে এসব জনগোষ্ঠী ক্রমেই সংকুচিত হয়ে আসা বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বের ১০টি দেশে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী ও গোষ্ঠীর অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর ৯০ শতাংশের বেশি আমাজন অঞ্চলে বসবাস করে, যাদের অধিকাংশই ব্রাজিলের বাসিন্দা। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে, গুয়াজাজারা জনগোষ্ঠীর একটি অংশ ‘ফরেস্ট গার্ডিয়ানস’ নামে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে নিজেদের বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখলের কারণে আওয়া জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর সঙ্গে একই ভূখণ্ড রক্ষার লড়াইয়ে অংশ নিতে গিয়ে ফরেস্ট গার্ডিয়ানসের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।
source: Azadir Dak