News

বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব

বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিলের নামে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে তান্ডব চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে সেখানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি বাস ভাঙচুর করা হয়।

হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, একই রাতে লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বানে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব তুহিন মৃধা ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button