News

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ তার পাসপোর্টের আবেদন আইনজীবীর

শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে জানানো হয়েছে, সংস্থাটি শেখ হাসিনার আইনি পরামর্শক পরিচয় দিয়ে ৯ নভেম্বর ই-মেইলে চিঠিটি পাঠায়।

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করেছেন তার আইনজীবীরা। তারা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেও দ্বারস্থ হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আরও আনন্দ।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়েছে। ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স।

বৃহস্পতিবার দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। ফলে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে আইনি পরামর্শদাতা সংস্থাটি।

ছবি: কোলাজ
ছবি: কোলাজ

ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত দশ দিনে কোনো জবাব পায়নি তারা। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে ফের আবেদন করা হয়েছে।

এদিকে শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চাইলেও এখনও কোনো সাড়া দেয়নি ঢাকা। বরং গত ৯ নভেম্বর তার পাসপোর্ট ফেরত চেয়ে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের একাধিক মন্ত্রী বলেছিলেন, তাকে (শেখ হাসিনা) নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার প্রশ্ন নেই।

ঢাকা যুক্তি দিয়ে জানিয়েছিল, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে ভারতের কাছ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। সঙ্গে বাতিল করা হয় তাদের জাতীয় পরিচয়পত্রও (এনআইডি)।

ফলে বর্তমানে ভারতে অবস্থান করলেও বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় নথি ফিরে পাওয়ার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাসিনার কাছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

source: Asia Post

Leave a Reply

Back to top button